জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে তীব্র সমালোচনা করে বলেছেন,
“একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে—ডিজিএফআই, আপনার-আমার পকেটের টাকায় চলে। তারা কত টাকা খরচ করে, দেশের মানুষ জানে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই—তাদের একটাই কাজ, মানুষকে ভয় দেখানো। কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যায়। আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের চেষ্টা হয়, আমরা শুধু আয়নাঘরই না, ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, তাহলে অবশ্যই এটার সংস্কার করতে হবে।”
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কারকাজ শেষ না হলে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না।
“নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। কিন্তু সংস্কারকাজ শেষ না করে যদি নির্বাচন হয়, তাহলে আমার সেই ভাইদের লাশ ফেরত দিতে হবে, যারা সংস্কারের জন্য শহীদ হয়েছে। আমার যে ভাইয়ের হাত গিয়েছিল, সেই হাত ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, সেই সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে হবে।”
পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন,
“একই ফ্যাসিবাদী সংবিধান, একই সিস্টেমের মধ্যে আমরা নির্বাচনে যাচ্ছি, তাহলে জুলাইয়ে এত মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এত মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল?”
গণমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেন,
“আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’, এখন কী মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণ-অভ্যুত্থানের পরে সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসে বলেছিলাম, যা আকাম করেছেন, ঘরে বসে থাকেন। যদি লজ্জা থাকে, বাইরে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নেই, তারা বারবার দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।”