জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন আবুল আহসান জাবুর। তিনি গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের বড় ভাই।
এদিকে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আবুল আহসান জাবুর। তিনি বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি সংগঠনকে যথাযথভাবে সময় দিতে পারছিলাম না। এ কারণে জেলার প্রধান সমন্বয়কারী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
পদত্যাগপত্রে জাবুর লিখেছেন, আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার একজন সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। আমি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছি না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পড়ে না। উক্ত কারণে আমি স্বেচ্ছায় দলের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। অদ্য সাংগঠনিকভাবে পদত্যাগ করলাম।
জাবুরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বৃহস্পতিবার রাত ১১টার দিকে বলেন, তিনি মৌখিকভাবে আমাদের বিষয়টি জানিয়েছেন। এখনো এ-সংক্রান্ত তার লিখিত কিছু পাইনি। তাই তিনি পদত্যাগ করেছেন, এটা এখনো বলা যাবে না। তবে এ বিষয়ে কথা বলতে তাকে নিয়ে আমরা শিগগিরই বসবো।
এর আগে, গত ১৮ জুন রাতে এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা ও ২১ সদস্যবিশিষ্ট মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাদের ঘোষিত জেলা কমিটিতে আবুল আহসান জাবুর যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পান।