বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণা হলেই—এমন তথ্য জানিয়েছেন দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির।
তিনি জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ওই বৈঠকে বিএনপির নির্বাচনী রূপরেখা, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং বিদেশনীতি নিয়ে গভীর আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, “বৈঠকে মূলত পরবর্তী নির্বাচনে বিএনপির অবস্থান, সরকার গঠনে দলটির প্রস্তুতি এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় চায়, বাংলাদেশে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক—বিএনপিও সেই অবস্থানেই অটল।”
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি নিজেই নির্বাচন করবেন, এমনকি একাধিক আসনে প্রার্থী হবেন, এমন সম্ভাবনা প্রবল।”
তবে তারেক রহমানের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে হুমায়ুন কবির সরাসরি কিছু না বললেও জানান, “আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই তিনি নির্বাচনে অংশ নেবেন।”
এদিকে, বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।