বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকালে এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
সার্জারির পর তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই জামায়াত আমির বাসায় ফিরতে পারবেন।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে অপারেশন শুরু হয় এবং সফলভাবে শেষ হয় দুপুরে। এরপর জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সার্জারি সংক্রান্ত তথ্য জানানো হয়।
অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া ডা. জাহাঙ্গীর কবির বলেন, “আলহামদুলিল্লাহ, শফিক সাহেবের বাইপাস অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সময়মতো সিদ্ধান্ত নেওয়ার কারণেই ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে সার্জারি পরিচালনা করেছি।”
তিনি আরও বলেন, “আগামী তিনদিন উনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এরপর তাকে কেবিনে নেওয়া হবে। সুস্থতা অব্যাহত থাকলে সপ্তাহখানেকের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে ডা. শফিকুর রহমানের। শুরুতে চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরামর্শ দিলেও পরবর্তীতে বাইপাস সার্জারিকেই সর্বোত্তম পথ হিসেবে বিবেচনা করা হয়।
দলের শীর্ষ এই নেতার সুস্থতার খবরে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন।