রাজধানীর শাহবাগে আগামী শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী আনার জন্য ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। সমাবেশের দিন সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সমাবেশ শেষে আবার ঢাকা থেকে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা ও চট্টগ্রামকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরের চাহিদা অনুযায়ী চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।
২০ কোচের এই বিশেষ ট্রেনে মোট ১ হাজার ১২৬টি আসন থাকবে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার আগে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রেলওয়ের বিধি মোতাবেক ভাড়া ও অন্যান্য চার্জ আদায় নিশ্চিত করবেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা সময়সূচী অনুযায়ী রেক গঠন ও ট্রেন পরিচালনার দায়িত্ব নেবেন। পাশাপাশি ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা এবং ঢাকা ও চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তার জন্য আরএনবি মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।