পাবনার চাটমোহরে যুবদল নেতার বিরুদ্ধে ঋণখেলাপির মামলা করার জেরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মচারীদের ওপর হামলা এবং ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। অভিযুক্ত লোকমান ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে ব্যাংকের ফৈলজানা শাখায় প্রবেশ করে এবং সেখানে অফিসের আসবাবপত্র ও ক্যাশ কাউন্টার ভাঙচুর চালায়। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়। গুরুতর আহত শামসুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ব্যাংকের মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানিয়েছেন, ২০১৮ সালে লোকমান হোসেন ব্যাংক থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নিয়েছিলেন যা প্রতিবছর নবায়ন করার নিয়ম ছিল। কিন্তু তিনি গত দুই বছর ধরে ঋণ নবায়ন করেননি। ফলে ব্যাংকের নিয়ম অনুযায়ী তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হন এবং গত ২৫ মে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, লোকমানের নেতৃত্বে দলটি দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা চালায় এবং পূর্বের ঋণসংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ও অন্য কর্মচারীদের মারধর করে। ভাঙচুর করা হয় ব্যাংকের অফিস, ক্যাশ কাউন্টার এবং অন্যান্য আসবাবপত্র। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যদি লোকমান হোসেন অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ মামলা প্রস্তুত করছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।