কুষ্টিয়ায় জেলা বিএনপির স্থাপন করা অভিযোগ বক্সে এক সপ্তাহে জমা পড়েছে চারটি লিখিত অভিযোগ, যেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিস্তৃত চিত্র উঠে এসেছে। বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে বক্সটি খোলা হয় এবং অভিযোগগুলো পড়ে শোনান জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জমা পড়া অভিযোগের মধ্যে রয়েছে—কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে আবেদন, জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে ‘সাজু বাহিনী’ জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগগুলো পড়ে শোনানোর পর প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,
“মানুষ এখন সাহস করে লিখিত অভিযোগ জমা দিচ্ছেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ ব্যবস্থা নেব।” তিনি আরও জানান, যেসব অভিযোগ আইনি পরিসরে পড়ে সেগুলো আদালত বা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে, আর যেগুলো দলীয় শৃঙ্খলার আওতায় সেগুলোর দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে জেলা বিএনপি এই অভিযোগ বক্স স্থাপন করে। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে বক্সটি বসানো হয়। দলটি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স বসানোর পরিকল্পনা রয়েছে।