জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে যে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে, তা সরাসরি গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন,
“তারা এনসিপির কেউ নয়, কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা আপনাদের রুখে দিতে হবে।”
বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভার মোড়ে এনসিপির নরসিংদী শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ঘোষণা দেন,
“বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আগামী তিন আগস্ট আমরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হবো। সেখান থেকেই নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে।”
তিনি মনে করিয়ে দেন,
“২০২৪ সালের ১লা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনই মানুষের মুক্তির দাবিতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এক বছরে আমাদের নানা ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চপ্পুকে সরাতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র আটকে রাখা হয়েছে। আমরা কিছুই ভুলিনি।”
নরসিংদীবাসীর উদ্দেশে নাহিদ বলেন, “তিন আগস্ট শহিদ মিনার থেকে আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ যদি এক হয়, রাজধানী ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করবো, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিতাড়িত করবো।”
সমাবেশের আগে বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রা বের হয়। দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা এবং প্রতিটি শহিদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।