প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন নয়—এমন বার্তা দিয়ে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক গণসমাবেশে তিনি বলেন, “তারা আবার মসনদে বসে কী সুন্দর দেশ উপহার দেবে, তা আমাদের বুঝতে আর বাকি নেই। নিজেরা চাঁদার ভাগ নিয়ে একে অপরকে খুন করেছে, পাথর দিয়ে মানুষ হত্যা করেছে।”
তিনি আরও বলেন, “গণহত্যার দৃশ্যমান বিচার, রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না। টাকা পাচারকারী, গুমকারী, খুনি ও জালিমদের বিচার করতে হবে।”
বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত এই গণসমাবেশে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৃষ্টিতে ভিজে ভিজেই তারা বক্তব্য শোনেন ও সমাবেশে উপস্থিত থাকেন।
পীর সাহেব চরমোনাই বলেন, “আজ ইসলামী দলগুলো এক কাতারে এসেছে। দেশপ্রেমিক মানুষ এখন পরিবর্তন চায়। ইসলামবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।”
গণসমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামী দল ও জোটের প্রতিনিধিরাও বক্তব্য দেন। ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনে দলীয় প্রার্থী পরিচয় করিয়ে দেন পীর সাহেব নিজেই।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম।