জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নিলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
স্ট্যাটাসে নিলা স্পষ্ট করে লিখেছেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”
তিনি অভিযোগ করেন, এনসিপিতে অপরাধীদের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। একজন নারীকে অপমান ও নিপীড়নের ঘটনায় দল কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিলা লিখেছেন, “যেখানে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেখানে আমার পক্ষে এক মুহূর্তও থাকা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “যে ব্যক্তি অপমান, নিপীড়ন এবং সামাজিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়—তখন সেই দল আর কোনো ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।”
নিজের সিদ্ধান্ত জানাতে গিয়ে নিলা লিখেছেন, “আজ থেকে, এখন থেকেই আমি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে আমি প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা হলেও পিছু হটবো না।”
নিলা ইসরাফিলের এই পদত্যাগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সাহসী বলে অভিহিত করেছেন। এনসিপির তরফ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।