বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, তাহলে প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি।” বৃহস্পতিবার (২৪ জুলাই) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, এই প্রতিশ্রুতি কোনো কল্পনা নয় বরং বাস্তবসম্মত পরিকল্পনারই অংশ। আইটি ও আউটসোর্সিং খাতে বিশাল সম্ভাবনা থাকলেও তা এখন পর্যন্ত কাজে লাগানো হয়নি। তিনি বলেন, “যে খাতটি ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, সেখানে আমরা পিছিয়ে রয়েছি। অথচ আমাদের তরুণদের দক্ষতা কাজে লাগানো গেলে ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করা সম্ভব।”
প্রযুক্তিভিত্তিক এই কর্মসংস্থানে দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের তরুণরাও যুক্ত হতে পারবে বলে জানান আমীর খসরু। “কেউ কথা বলতে পারলে কল সেন্টারে, না পারলেও চ্যাট সাপোর্টের মাধ্যমে কাজ করা সম্ভব। অনেক প্রতিবন্ধীও এখন চ্যাটভিত্তিক সেবায় যুক্ত হতে পারে, ব্রেইল ও প্রযুক্তির সহায়তায়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, শুধু তথ্যপ্রযুক্তি নয়, গ্রামীণ হস্তশিল্প, পাটজাত পণ্য কিংবা মৃৎশিল্পের ক্ষেত্রেও ডিজাইন, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে। “থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ মডেল আমাদের জন্যও অনুকরণীয় হতে পারে।”
আমীর খসরু বলেন, “আমরা চাই প্রতিবন্ধীদের আলাদা করে দেখা না হোক, বরং রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে তাদের নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করা হোক। বাজেটেও যেন তা থাকে রুটিন পরিকল্পনার মধ্যেই।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই পরিকল্পনা শুধু চাকরি নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তির পথ তৈরি করবে।”