রাজনীতি ভিক্ষার জায়গা নয়, রাজনীতি মানুষের খেদমতের জায়গা”—এই বার্তাই দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুরে এক সভায় তিনি বলেন, “ভিক্ষুক, লুটেরা, চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। যারা রাজপথের মানসিকতা ধারণ করেন, মানুষকে ভালোবাসেন, তাদের জীবন ও ইজ্জতের পাহারাদার হতে পারেন, তারাই রাজনীতি করুন।”
ঢাকা থেকে আগত জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আমরা চাই না। যারা মানুষের পকেট কাটে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলে, তাদের বলছি—ভিক্ষা করুন, তবু মানুষের সম্পদ লুট করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।”
তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার করেও মানুষ আজও ক্ষুব্ধ, অসন্তুষ্ট। রাষ্ট্র যেভাবে চলছে, তা জনগণের প্রত্যাশা পূরণ করছে না। এই বাস্তবতার পটভূমিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ ছিল জনগণের ক্ষোভ প্রকাশের প্ল্যাটফর্ম।”
ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ ঘুষ নেবে না, সরকারি সুবিধা লুট করবে না। যদি জামায়াত ক্ষমতায় আসে, আমাদের কোনো এমপি বা মন্ত্রী সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না। আমরা নিজেরা গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতেও দেব না।”
তিনি আরও বলেন, “এক দেশে দুই আইন চলবে না। আমরা সংসদে, রাজপথে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে গর্জে উঠব ইনশাআল্লাহ।”
শাহ আলম নামে ঢাকায় জাতীয় সমাবেশে নিহত এক নেতার কবর জিয়ারতের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে পাবনা থেকে মমিনপুরে পৌঁছান। সেখানে কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।