ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই সরকারের পক্ষে আদৌ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব কি না—এ নিয়ে এখন আর প্রশ্ন তোলা বিচ্ছিন্ন মতামত নয়।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে আয়োজিত এ সভায় তিনি বলেন, “সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই সরকারের প্রস্তুতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে।”
তারেক রহমান বলেন, “দেশে যদি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চাই, তাহলে এমন একটি ব্যবস্থার প্রয়োজন, যেখানে জনগণ ভয়হীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটের দিন ভোটারদের চোখে ভয়ের ছাপ থাকলে তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের কিছু অংশের সহযোগিতায় উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—সে প্রশ্নও জনমনে জোরালো হচ্ছে। সুতরাং নির্বাচন আয়োজনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে এখনই আলোচনা শুরু করা জরুরি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো আপনাদের পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা হয় স্বচ্ছ ও সাহসী। দেশের জনগণও তখন আস্থা রাখবে অন্তর্বর্তী ব্যবস্থার ওপর।”
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যেন কোনো ভুল সিদ্ধান্তে আবার ফ্যাসিবাদ ও চরমপন্থা ফিরে না আসে।”
সভায় আরও বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।