বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন—শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও কনটেন্টগুলো কোনোভাবেই সভ্যতা বা রাজনৈতিক সংস্কৃতির আওতায় পড়ে না। এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যা নোংরামি ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, “বাকশালি মুজিবের তাণ্ডবের পর এই দেশে যে শৃঙ্খলা ফিরে এসেছিল, তা ছিল শহীদ জিয়ার অবদান। আর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম বেগম খালেদা জিয়া করেছেন, তা আজও জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে।”
আব্দুল হান্নান মাসুদের অভিযোগ, “জুলাইয়ে সম্ভাব্য বিরোধী রাজনৈতিক ঐক্যকে ভাঙতেই সরকার দলের লোকজন নিজেরাই এসব আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টায় মেতেছে।” তিনি বলেন, এটি একধরনের মনস্তাত্ত্বিক কৌশল, যাতে বিরোধী জোটে ভাঙন ও জনমনে বিভ্রান্তি তৈরি হয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের ছত্রছায়ায় যদি কেউ এমন অপচেষ্টায় লিপ্ত থাকে, তবে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই বিবেচনা করতে হবে। আর যদি অন্য কোনো সংগঠনের কেউ এ ধরণের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
হান্নান মাসুদ সকল রাজনৈতিক মহল ও গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন—সংঘাত নয়, এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সৌহার্দ্য ও দায়িত্বশীলতা বজায় রাখা।