পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “যাদের হাতে তাদের দলের কর্মী পর্যন্ত নিরাপদ নয়, তাদের হাতে ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে?”
সোমবার (৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ৩০০ আসনের মধ্যে ইতোমধ্যে ২৯৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অথচ এতগুলো আসনে প্রার্থী দেওয়ার পরও দেশের কোনো উপজেলায় দুই গ্রুপের মারামারি, কেউ নিহত হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার খবর নেই। তিনি প্রশ্ন করেন, “আপনারা কি কোনো রিপোর্ট দেখেছেন যে জামায়াতের মনোনয়ন ঘোষণার পর এমন ঘটনা ঘটেছে? বরং কিছু দলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ের কাউন্সিলেই নিজেরা নিজেরা চেয়ার ভাঙে, অফিস ভাঙে, মাথা ফাটায়।”
তিনি বলেন, “যারা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারে না, নিজেদের কর্মীদের নিরাপদ রাখতে পারে না, তারা দেশের ১৮ কোটি মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে?”
দলীয় প্রতীক ‘দাড়িপাল্লায়’ ভোট চেয়ে মাসুদ সাঈদী বলেন, “ইসলামী শাসন কায়েম করতে হবে দেশের পরিবর্তনের জন্য। আমরা দুর্নীতি করব না। যারা ইসলামকে ভয় করে, তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে।”
তিনি আরও বলেন, “আমার বাবা সংসদ সদস্য থাকাকালে কেউ বলতে পারবে না যে তিনি একটি টাকার দুর্নীতি করেছেন। আমিও নির্বাচিত হলে তার মতোই সেবা করব।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এবং সঞ্চালনা করেন মাওলানা শামসুল হক। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেউদ্দিন, কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার এবং শিবির নেতা মো. সাকিবুল হাসান প্রমুখ।