বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে তার দল সমর্থন জানায়। তবে সুষ্ঠু জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হিসেবে তিনি নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলোতে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। প্রশাসক দিয়ে দায়িত্ব পালন করায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।”
ডা. শফিকুর রহমান শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “সংবিধানসম্মত পদ্ধতিতে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন এবং বায়তুল মাল সম্পাদক মুফতি আলী হায়দার।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, প্রশাসক দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানোর কারণে জনগণের কাছে জবাবদিহি নষ্ট হয়েছে। তারা অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।