এইচএসসি পরীক্ষার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য চমক। যখন দূরের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, তখন কলেজ চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক বাস তাদের মুখে স্বস্তির হাসি ফোটায়।
এই উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কলেজটির সাবেক ভিপি গোলাম ফারুক খোকন।
গোলাম ফারুক খোকন বর্তমানে জেলা বিএনপির সদস্য এবং শহিদ জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যানারে পুরো উদ্যোগটি নিজস্ব অর্থায়নে পরিচালনা করছেন। চলতি বছরের পরীক্ষার্থীদের কেন্দ্র প্রায় ১৫ কিলোমিটার দূরে হওয়ায় সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উৎকণ্ঠা দেখা দেয়, তা দূর করতেই তিনি পুরো পরীক্ষাকালজুড়ে ফ্রি পরিবহন ব্যবস্থা চালু করেন।
পরীক্ষার সকালে কলেজে এসে শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী ব্যবস্থা দেখে অভিভূত হয়ে পড়ে। অনেকেই বলেন, এমন দায়িত্বশীলতা ও ভালোবাসা আজকের রাজনীতিতে বিরল। এক অভিভাবক বলেন,
“আমার ছেলের কেন্দ্র এত দূরে ছিল যে বাইকে নিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। সকালে এই ব্যবস্থা দেখে চোখে পানি চলে আসে। এমন মানবিকতা আজকের দিনে আশা করা কঠিন।”
শিক্ষকরাও এই মহৎ উদ্যোগকে সমাজে দৃষ্টান্ত হিসেবে দেখছেন। গোলাম ফারুক খোকন বলেন, “পরীক্ষার দিনে যেন কোনো শিক্ষার্থী যাতায়াতের কারণে বঞ্চিত না হয়, সেটাই আমার মূল লক্ষ্য।”
এটি প্রমাণ করে যে রাজনীতিতে এখনও মানবিকতা ও দায়িত্ববোধ বেঁচে আছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম।