জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ‘জুলাই সনদ’ কার্যকর এবং ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। তিনি বলেন, এটি না হলে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয়।
রোববার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রেয়াজউদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৪ ব্যাচের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান,
“আমরা আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখকে ইতিবাচকভাবে দেখছি। তবে এর আগে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। নির্বাচন সবার জন্য সমান সুযোগের হতে হবে, একতরফা কোনো নির্বাচনের অনুমতি দেওয়া হবে না।”
তিনি বলেন,
“আজ বাংলাদেশের প্রতিটি অঞ্চল, গ্রাম-গঞ্জে আমরা যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তা প্রমাণ করে মানুষ একটি স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি চায়। তারা আর ভোটচুরি, দমন-পীড়ন ও ক্ষমতার দাপট দেখতে চায় না। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সংগঠনের অবস্থা নিয়ে তিনি বলেন,
“এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারে জোর দিচ্ছে। আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি এবং সাংগঠনিকভাবে শক্তিশালী ভিত্তি গড়ে তুলছি।”
তিনি আরও জানান,
“সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যা এ মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এনসিপি গণমানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে—এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।”