অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, “জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।”
শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন,
“শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রকামী দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছে।”
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন,
“ড. ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“অত বড় বড় সংস্কার না দিয়ে তার বিপরীতে দেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে রয়েছে। দেশে হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। এখন আপনার মাধ্যমে দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে যেন একটু পিছপা হচ্ছেন।”
বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি আহ্বান জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন,
“আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকার চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরে ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।”
তিনি বলেন,
“জিয়াউর রহমানের মতো নেতাকে হাসিনা অপমান করেছে। তার স্ত্রী, সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছে। কিন্তু বিএনপির সংযম কম না। তবে বিএনপির মনে একটা কষ্ট এখন আছে। এত আন্দোলন, পরিশ্রমের পর ৯ মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচন আশা করেছিলাম।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।