বাংলাদেশের মানুষ এমন এক জাতি, তারা “যে কারও ফুলস্টপ করে দিতে পারে” বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি। তিনি দাবি করেন, এর সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা। আজ (সোমবার, ১৭ নভেম্বর) বিকেলে নাটোরের কানাইখালি এলাকায় এক সংবর্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইব্রাহীম হোসেন রনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টে গণবিপ্লবের মাধ্যমেই খুনি হাসিনার পতন হয়েছিল। এ পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এ বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশকে শক্তিশালী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে যে আশা নিয়ে দেশের মানুষ মসনদে বসিয়েছিল, সেই আশা তিনি বাস্তবায়ন করতে পারেননি। ২০০৯ সালে খুনি হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। কিন্তু এ সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে। সেনাপ্রধান বলেছিলেন, এখানেই ফুলস্টপ। কিন্তু বাংলাদেশের মানুষ এমন এক জাতি, তারা যে কারও ফুলস্টপ করে দিতে পারে। যার উদাহরণ শেখ হাসিনা।”
নাটোর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত এই গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। এসময় নাটোর–২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।