জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রমজান মাসে দলের কোনো বড় কর্মসূচি থাকবে না, তবে রমজানের পর থেকেই দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারসংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে এনসিপির উদ্যোগে মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির প্রথম দিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাচালক, শ্রমিকসহ সাধারণ মানুষের জন্য পুরো রমজানজুড়ে গণ-ইফতারের আয়োজন চলবে। তাদের দাবি, এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি বাস্তব উদ্যোগ, যা দলের নীতির প্রতিফলন।
ইফতার অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়, যা কেবল এই মাসেই নয়, বরং সারাবছর আমাদের চর্চা করা উচিত। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, নানা ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।
তিনি পুলিশের ভূমিকার প্রসঙ্গে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে দিতে হবে। নিজেদের হাতে আইন তুলে না নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণকেও সচেতন থাকতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রমজানজুড়ে বাজার যেন নিয়ন্ত্রণে থাকে, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় হতে হবে। ঈদের সময় সাধারণ মানুষ যাতে স্বস্তিতে বাজার করতে পারে, সেজন্য বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি সড়ক নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি, যাতে মানুষের চলাচল নির্বিঘ্ন হয় এবং ঈদযাত্রা হয় স্বস্তিদায়ক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা। নেতারা বলেন, এনসিপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণআন্দোলন, যা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।