সিলেটে চাঁদা না দেওয়ার অভিযোগে এক হকারকে অপহরণের ঘটনায় মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জয়দীপ চৌধুরী মাধব সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানার দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা অজিত চৌধুরীর ছেলে।
ভুক্তভোগী হকারদের অভিযোগ, গত শুক্রবার কাজল মিয়া (৫০) নামের এক হকারকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জয়দীপ চৌধুরী মাধব ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে মুক্তির বিনিময়ে অর্থ দাবি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সিলেটের জিন্দাবাজার এলাকায় হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে। এরপর ভুক্তভোগী কাজল মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় জয়দীপ চৌধুরী মাধবসহ ৭ থেকে ৮ জনকে অভিযুক্ত করা হয়।
ঘটনার পরদিন রাতেই যুবদল কেন্দ্রীয়ভাবে মাধবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।