বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য নুশরাত জাহান দোলনা, যিনি দোলনা আক্তার নামেও পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের কারণে গ্রেফতার এড়াতে তিনি গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৬ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে সোমবার সকালে কুড়িগ্রাম আদালতে হাজির করা হবে।