সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন। তার দাবি, প্রধান উপদেষ্টা নিয়মিত তার পোস্টগুলো পড়েন বলে তাকে জানানো হয়েছে। তবে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় তিনি ফেসবুকের মাধ্যমেই এই বার্তা পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের পোস্টে জুলকারনাইন সায়ের স্পষ্টভাবে পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খানকে সরকারের উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে স্থিতিশীল এবং নির্বিঘ্নে নির্বাচনমুখী করতে হলে এ সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার মতে, এ দুজন উপদেষ্টার উপস্থিতি সরকারকে দুর্বল করছে এবং জনআস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া, তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা পদে এমন ব্যক্তি নিয়োগ দিতে হবে যারা চৌকস, দক্ষ এবং সর্বজনগ্রাহ্য। তার মতে, গুরুত্বপূর্ণ এই দুটি পদে সঠিক ব্যক্তি না থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং দেশের সামগ্রিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

সায়ের তার পোস্টে সরকারকে সতর্ক করে বলেন, “দ্রুততার সাথে এই পরিবর্তন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব গভীর হুমকির সম্মুখীন হতে পারে।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।