সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০২৪ সালের জানয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন।
১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রীসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।