২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, ওইদিন একটি শান্তিপূর্ণ সমাবেশ দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য মানুষ প্রাণ হারায়। তার ভাষায়, সেই রাতের স্মৃতি এখনো জাতির মনে গভীর ক্ষত হয়ে রয়েছে, যা ভুলে যাওয়ার নয় বরং দায়িত্ববোধ জাগ্রত করার একটি অধ্যায়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গাবতলী থেকে শাপলা চত্বর অভিমুখে বিপুল মানুষের সমাগম ঘটে। পরে রাতের আঁধারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, এতে নিরীহ মানুষ হতাহত হয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতার চিত্র দেখা যায়।
মামুনুল হক জানান, দীর্ঘদিন এ ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণে বাধা থাকলেও বর্তমানে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শাপলা স্মৃতি সংসদ’-এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও তথ্য সংগ্রহের কাজ চলছে।
তিনি বলেন, বিভিন্ন সংগঠন এ দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে জাতীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।