জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বর্তমান সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে নিয়োগ প্রদান করা হয়েছে।
বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের শিকার বিএনপির এই ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় দারুণ খুশি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বিএনপির দুর্দিনে দলীয় নেতাকর্মী তথা ময়মনসিংহবাসীর পাশে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধানমন্ত্রী মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানান হালুয়াঘাট-ধোবাউড়ার সাধারণ মানুষ।
উল্লেখ্য, বিগত আওয়ামী শাসনামলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছিলেন মাঠের রাজনীতিতে অগ্রভাগে। নিজ সংসদীয় আসনের দলীয় সব কর্মসূচি পালন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিজ উদ্যোগ ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের রাজনীতিও।
ফলে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেও দলীয় কোন্দলে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার প্রতিক্রিয়ায় যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করব। তাকে প্রশাসক নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করব।
প্রিন্স বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই আমার মূল লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
১৩টি উপজেলা, ১০টি পৌরসভা এবং ১৪৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা পরিষদ।