সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে সময়টা কঠিন হতে পারে। তার মতে, দলটি নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, গত প্রায় ১৭ মাসে বাংলাদেশে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড বেশ সক্রিয় ছিল এবং সে সময় দলটির মধ্যে আত্মবিশ্বাসও ছিল অনেক বেশি। তাদের অনেক নেতা মনে করতেন, সামনের জাতীয় নির্বাচনে তারা শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এমনকি সরকার গঠনের সম্ভাবনা নিয়েও দলের ভেতরে আলোচনা চলছিল।
তিনি দাবি করেন, ওই সময়ে দলটির নেতাকর্মীদের মধ্যে বেশ স্বাচ্ছন্দ্য ও প্রভাবশালী ভাব দেখা গিয়েছিল। বিভিন্ন অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং বৈঠকের আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রদর্শন করছিল। দেশের বিভিন্ন স্থানে বড় পরিসরে কর্মসূচিও পালন করা হয়।
তবে রনির মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। এতে জামায়াতের রাজনৈতিক অবস্থানেও প্রভাব পড়ে এবং দলটি নতুন করে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে জামায়াতের ভেতরেও নানা ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।