জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বুকে কষ্ট নিয়েই হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, কারণ দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সতর্ক করে বলেন, সরকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের প্রায় ১৮ কোটি মানুষের ওপর। তাই জনগণের অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
জামায়াত আমির আরও বলেন, সরকারের যেকোনো ভালো উদ্যোগে তাদের পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো অন্যায়, অপরাধ বা দুর্নীতি হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া হবে এবং প্রয়োজন হলে তা রুখে দেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন।