দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এনসিপির মুখপাত্র বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ইস্যুতে মব তৈরি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। তবে দুদকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তিনি তা মেনে নিতে প্রস্তুত আছেন।
এর আগে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, নাগরিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি নিয়মিত গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় এনসিপির ওয়ার্ডভিত্তিক ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।
দুদক সূত্র জানায়, সেদিন দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিবের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয় এবং পরে লিখিত অভিযোগ জমা দেয়।