বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে তাদের দলের তিনটি গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। প্রথমত, এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে। এর আগে তারা অন্যের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, তবে এবার ঐক্য হয়েছে তাদের নিজস্ব নেতৃত্বে। দ্বিতীয়ত, আল্লাহ তাদেরকে প্রধান বিরোধীদলের দায়িত্ব প্রদান করেছেন—এটিকে তিনি দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। তৃতীয় অর্জন হিসেবে তিনি বলেন, এবারের নির্বাচনে তারা একযোগে ছয়টি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। যদিও তিনি সেই শক্তিগুলোর নাম উল্লেখ করেননি, তবে তাদের সম্মিলিত শক্তি সম্পর্কে দল এখন সুস্পষ্ট ধারণা পেয়েছে বলে জানান।
শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ইসলামের আদর্শভিত্তিক এবং মুক্তিকামী মানুষের বাংলাদেশ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। এই নির্বাচনে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সে জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।