বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর উপস্থিতি ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তারাবির নামাজ আদায় করতে ক্যাম্পাসে যান।
সেখানে পৌঁছানোর পর তাকে জানানো হয় যে অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। তিনি বিষয়টি মেনে নিয়ে শুধু নামাজ আদায় করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, নামাজ শেষে তিনি শহীদ আবরার ফাহাদ এবং ৫৭ জন সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে পলাশীতে গিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং স্লোগান দেওয়া হলে তাৎক্ষণিকভাবে তা থামিয়ে দেন বলেও জানান। অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে সম্মান করেন বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্ররাজনীতি মুক্ত বুয়েট গড়ে তুলতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও ত্যাগ রয়েছে। তার মতে, নামাজ আদায়ে সমস্যা না থাকলেও নামাজের পর স্লোগান বা রাজনৈতিক কর্মসূচির আভাস ক্যাম্পাসের নীতির সঙ্গে সাংঘর্ষিক। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।