দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি থানার সেকেন্ড অফিসারকে “পুরোপুরি দুর্নীতিবাজ” আখ্যা দেন এবং এক এসআইয়ের বিরুদ্ধেও ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ তোলেন। সভায় দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এমপি হাসনাত অভিযোগ করেন, আসামি ধরতে গেলে আগাম তথ্য ফাঁস হয়ে যায়। তিনি আরও দাবি করেন, থানার কার্যক্রমে পুলিশের বাইরে এক ব্যক্তি প্রভাব বিস্তার করছেন এবং মামলার রুজুসহ বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক হস্তক্ষেপ করছেন।
থানাকে ঘিরে দালাল ও মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি ওসিকে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।