নিপুণ রায় চৌধুরী বলেছেন, ছিনতাই ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং চাঁদাবাজি এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে। মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
নিপুণ রায় দাবি করেন, এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে হবে এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, ঝিলমিল এলাকা ঘিরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান তিনি। পাশাপাশি কদমতলি-কোনাখোলা সড়কের দুর্ভোগ নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ, কেমিক্যাল গুদাম উচ্ছেদ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি তোলেন।