গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো হলেও বাস্তবে তা পূরণ হয়নি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করেছে।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করা উচিত নয়। জনপ্রতিনিধিরা বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি।
শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে গয়েশ্বর বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, যা শিক্ষা ব্যবস্থার গুণগত দুর্বলতার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, অতীতে হাসপাতাল, থানা ও ফাঁড়িতে মাদকের বিস্তার ঘটেছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সুশাসন, জবাবদিহিতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।