দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খান। তিনি বলেছেন, রাষ্ট্রপতি যে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন, সেগুলো অসত্য নয়; বরং বাস্তবতার প্রতিফলন।
রাশেদ খান দাবি করেন, রাষ্ট্রপতির সঙ্গে তার একাধিকবার দেখা-সাক্ষাৎ হয়েছে এবং তিনি একজন আন্তরিক মানুষ। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি চাপের মধ্যে ছিলেন—এ কথাও সত্য।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে যখন আন্দোলন হয়েছিল, তখন তিনি প্রকাশ্যে এর বিরোধিতা করে সাংবিধানিক যুক্তি তুলে ধরেন। শপথ নেওয়ার পর সংবিধান মেনেই দায়িত্ব পালন করতে হয়—এ কথাও তিনি উল্লেখ করেন।
রাশেদ আরও বলেন, রাষ্ট্রপতি কখনোই নিজ উদ্যোগে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে জড়াননি; বরং একধরনের অসহায় পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতায় তিনি দায়িত্ব সামলেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে রাশেদ খান বলেন, ভবিষ্যতে যেন এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক দল ও রাষ্ট্রের সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।