ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশা আল্লাহ।” তার এ সংক্ষিপ্ত ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করা হয়।
এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র ঘোষণা করে। তবে বিভিন্ন নিয়মতান্ত্রিক জটিলতায় তিনি এখনো মেয়রের দায়িত্ব গ্রহণ করতে পারেননি।