জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ বর্তমানে শূন্য থাকায় প্রথম অধিবেশনে যেকোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে ১৫ মার্চের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন।
তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ খালি থাকলে প্রথম অধিবেশনে যেকোনো সংসদ সদস্য সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন। পরবর্তীতে ওই অধিবেশনেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।