অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের জনগণ ও দেশের নিরাপত্তা প্রহরীরা যদি সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কেউই বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না। তিনি বলেন, জনগণের ঐক্যই দেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বড় শক্তি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ‘পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জরুরি সহায়তা প্রকল্প’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, জনগণের ঐক্যের শক্তি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিলে সব ধরনের শঙ্কার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পানি সরবরাহ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকট নিরসন হবে এবং জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটবে।
এর আগে শুক্রবার রাতে বান্দরবান থেকে সড়কপথে কক্সবাজারে পৌঁছান আদিলুর রহমান খান। শনিবার তিনি জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।