নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারির ভিত্তিতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যের প্রতি তিনি এই আহ্বান জানান।
বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এই পরামর্শ দেন।
সম্মেলনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবময় ইতিহাস স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ইবিআরসিতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং ইবিআরসির কমান্ড্যান্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, ইবিআরসির কমান্ড্যান্ট ও পাপা টাইগার, মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল,
বিআইআরসির কমান্ড্যান্ট, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও গণমাধ্যমকর্মীরা।