সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় এক বছর পর তিনি আবারও সেনাকুঞ্জের আনুষ্ঠানিক কোনো আয়োজনে উপস্থিত হলেন। সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়।
সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নামার পর খালেদা জিয়া হুইলচেয়ারে করে অনুষ্ঠানের মঞ্চসংলগ্ন আসনে যান। তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি এবং আগত অতিথিদের দিকে হাত তুলে শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি রওনা হন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা গাড়িবহর নিয়ে সেনানিবাসের দিকে যাত্রা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিকাল ৪টার পর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে তিনি বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং তার বসার ব্যবস্থা ছিল প্রধান উপদেষ্টার পাশেই। দুই নেতাকে এ সময় হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।