দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”
সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে উপজেলা ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ছোটখাটো কোনো ঘটনা ঘটতে না দেওয়া এবং বড় ধরনের কোনো অঘটন যাতে না ঘটে— সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, এবং উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ডরমিটরি ভবনটি নির্মাণ করা হচ্ছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণস্থল পরিদর্শন করেন।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় জনগণ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।