আওয়ামী লীগের চলমান রাজনৈতিক কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “আওয়ামী লীগ যে টাকা বিদেশে পাচার করেছে, এখন সেই টাকা খরচ করছে। এতে কিছু লোক সঙ্ঘবদ্ধ হয়ে তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে তাদের নেতাদের খুশি করলে অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়। আওয়ামী লীগ এভাবে আরও ৫০ বছর ঝটিকা মিছিল করলেও কোনো লাভ হবে না।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। এছাড়া উপ-উপাচার্য রেজাওয়ানুল হক এবং প্রক্টর এ এফ এম মোহাম্মদ আরিফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশে পাচার করা অর্থ দিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, “তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে কিংবা ফেসবুকে হ্যাশট্যাগ দিলেই জনগণের আস্থা ফেরানো যায় না।”
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে—এটি স্পষ্ট। কোনো শক্তিই এই সময়সূচি পরিবর্তন করতে পারবে না।”
প্রেস সচিবের এই বক্তব্যকে রাজনৈতিক মহল আসন্ন নির্বাচনের দিকনির্দেশনা হিসেবে দেখছে। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সরকারের অবস্থান নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে তার মন্তব্যকে ঘিরে।