সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সরকার অল্প দিনের হওয়ায় সব কিছু বদলানো সম্ভব নয়। তবে শিল্প-সংস্কৃতির নানা খাতে পরিবর্তন আনার জন্য কাজ চলছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করা হচ্ছে।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। আহমদ রফিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান ও উদযাপন করা উচিত। এ জন্য শিল্পকলা একাডেমির উদ্যোগে কিংবদন্তি ব্যক্তিত্বদের জীবন ও কাজ উদযাপনের ক্যালেন্ডার তৈরি হচ্ছে।
ফারুকী জানান, এরই মধ্যে কিছু কার্যক্রম শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি সাবিনা ইয়াসমিনকে নিয়ে আয়োজনের কথা উল্লেখ করেন, যেখানে শিল্পী খুরশিদ আলম প্রশংসা করেছেন। পাশাপাশি আগামী ৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সংগীত সন্ধ্যার আয়োজন করা হচ্ছে। এতে আলাউদ্দিন খাঁর পরিবার থেকেও শিল্পীরা অংশ নেবেন।
তিনি আরও বলেন, শুধু জীবিত নন, প্রয়াত শিল্পীরাও উদযাপনের অংশ হবেন। এর তালিকায় বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, জেমস, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুনসহ আরও অনেকে রয়েছেন। আহমদ রফিকের অসুস্থতার কারণে তাকে জীবিত অবস্থায় আয়োজনের অংশ করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
অর্থনৈতিক সহায়তার বিষয়ে সমালোচনার জবাবে ফারুকী বলেন, সরকার শিল্পী-সাহিত্যিকদের পাশে দায়িত্বশীলভাবে দাঁড়িয়েছে। তবে সাহায্য দিয়ে প্রচারণা চালানোকে অসম্মানজনক মনে করায় এসব প্রচার করা হয়নি।
আগামী দিনে শিল্পকলা একাডেমির উদ্যোগে গান ও নাচের স্কুল, আন্তর্জাতিক চলচ্চিত্র, থিয়েটার ও সংগীত উৎসব, বিয়েনালকে নতুনভাবে চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। ফারুকীর ভাষায়, “আমরা শুরু করে দিয়ে যাচ্ছি, পরবর্তী সরকার এটাকে এগিয়ে নেবে। আর আমিও মুক্তি পাব এই কঠিন দায়িত্ব থেকে। আমার নিজের ছবি না বানানোর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই।”