বাংলাদেশ পাকিস্তান থেকে পাথর আমদানির আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান উপদেষ্টা।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ বাণিজ্যের সীমাবদ্ধতা দূর ও নতুন সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহারযোগ্য পাথর আমাদের দেশে ব্যাপক চাহিদাসম্পন্ন। প্রতিবছর প্রায় ৫০ মিলিয়ন টন পাথরের প্রয়োজন হয়।
এ ক্ষেত্রে পাকিস্তান একটি সম্ভাবনাময় উৎস হতে পারে।” তিনি আরও বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি এনগেজমেন্ট বাড়াতে হবে। লেবার প্রোডাক্টিভিটি, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট একসেস নিশ্চিত করা গেলে সীমিত বাণিজ্য বাস্কেট বড় করা সম্ভব হবে। এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কোন্নয়ন হবে।”
এ সময় তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।
পাকিস্তানের বাণিজ্য কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বলেন, “আমরা চাই দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে। বাণিজ্য মিশন বিনিময়, ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানো হলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার।