আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ক্রমান্বয়ে রাজনৈতিক নেতাদের কাছে হস্তান্তর করা হবে।
সেই প্রেক্ষাপটে এবার প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তবে পুরো প্রতিনিধিদলে কতজন থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
ড. ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গৃহীত সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর এবং ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু তার বক্তব্যে গুরুত্ব পাবে।
সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন। অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি ও সুনামের কারণে বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবারের সফর বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।