রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্যই অনুসরণীয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করেন। তাঁর আগমন মানবজাতির জন্য বয়ে আনে রহমত, শান্তি ও মুক্তির বার্তা।
বাণীতে তিনি উল্লেখ করেন, তৎকালীন আরব সমাজের অন্যায়, অসত্য ও অন্ধকার দূর করে মহানবী (সা.) মানুষকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছিলেন। মহান আল্লাহ তাঁকে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন এবং তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব দিয়েছিলেন।
নানা প্রতিকূলতা সত্ত্বেও অসীম ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে তিনি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন এবং পবিত্র কোরআনের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মহানবী (সা.) সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সবার ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে তিনি উম্মাহকে দিকনির্দেশনা দিয়েছেন।
বাণীর শেষে মো. সাহাবুদ্দিন প্রার্থনা করেন—মহানবী (সা.)-এর জীবনাদর্শ যেন আমাদের সকলের জীবনকে আলোকিত করে। আল্লাহ যেন আমাদেরকে তাঁর শিক্ষা ও আদর্শ যথাযথভাবে অনুসরণের তৌফিক দেন, যাতে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে পারি। আমিন।