আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে সরকারি উদ্যোগে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশে রওনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেরিত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধ। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রামগুলোতে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেওয়ায় এসব সহায়তা অবিলম্বে পৌঁছানো জরুরি হয়ে পড়েছে।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি। ধসে গেছে অন্তত আট হাজার বাড়িঘর। পুরো অঞ্চলজুড়ে এখন খাদ্য, আশ্রয়, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করেছে। এই মানবিক বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশও সহমর্মিতার হাত বাড়িয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার দ্রুত এই সহায়তা পাঠায়। ত্রাণ কার্যক্রম সমন্বয়ে কাজ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সম্পৃক্ততাও এই উদ্যোগকে আরও কার্যকর করে তুলেছে।
বাংলাদেশের এই উদ্যোগ শুধু একটি মানবিক দায়িত্ব নয়, বরং বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরারও অংশ। আফগানিস্তানের এই দুর্যোগকালে সহায়তা পাঠানো প্রমাণ করছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক সহযোগিতার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।