বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের সড়ক ও রেল অবকাঠামো নির্মাণে বিদেশি প্রকৌশলীর ওপর নির্ভরশীলতা একটি লজ্জার বিষয়।
তিনি বলেন, “আমাদের দেশে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হচ্ছে। অথচ দক্ষতার ঘাটতির কারণে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে সড়ক ও রেলপথ বানাতে হচ্ছে। এ নির্ভরতা কমিয়ে দেশীয় প্রকৌশলীদের দক্ষ করে তুলতে হবে।”
রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি জানান, সেতু মন্ত্রণালয় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে। যেখানে সড়ক, রেল ও নৌ—যে পরিবহন ব্যবস্থা যেখানে উপযুক্ত হবে, সেখানেই সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে। ভূমি অধিগ্রহণকে ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিকল্প পরিবহন খাতের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি।
উপদেষ্টা আরও বলেন, “আমাদের দেশে আশপাশের দেশের তুলনায় সড়ক নির্মাণের ব্যয় বেশি। পাশাপাশি এ খাত দুর্নীতির বড় ক্ষেত্র হিসেবেও পরিচিত। যদি এ দুর্নীতি ও অনিয়ম কমানো যায়, তাহলে সড়ক নির্মাণ ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।”
অনুষ্ঠানে পরে তিনি ফিতা কেটে মহাসড়কের টোল প্লাজা ও প্রকল্প উদ্বোধন করেন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।