চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব -১১ সদর দপ্তর পরিদর্শন শেষে এক বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে চাঁদাবাজদের সংখ্যা বাড়ছে।
কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। র্যাব কর্মকর্তার চেয়ে কেউ শক্তিশালী হতে পারে না। যেভাবেই হোক তাদের ধরে ফেলতে হবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সমাজে যারা ভয় দেখিয়ে টাকা আদায় করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। র্যাবকে আরও সক্রিয় হতে হবে। জনগণ এখন পরিবর্তন চায়, সেটা বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে।”
মাদক নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। শুধু নিচু স্তরের কারবারিদের গ্রেফতার নয়, বড় গডফাদারদের ধরতে হবে। র্যাব এ ক্ষেত্রে ভালো কাজ করছে। এখন মূল টার্গেট হতে হবে গডফাদাররা।”
পরিদর্শনকালে তিনি র্যাব কর্মকর্তাদের খোঁজখবর নেন এবং রান্নার কাজে নিয়োজিত সদস্যদের সাথেও কথা বলেন।
এ সময় র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র্যাব -১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে চাঁদাবাজ ও মাদক গডফাদারদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।